এনসিপির সাবেক নেতা সালাউদ্দিনের এনআইডি ব্লক, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদক এ সব অভিযোগ তদন্ত করছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।
এর আগে, গত ২১ এপ্রিল নাগরিক পার্টি থেকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় সালাউদ্দিনকে।
একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয় দলের পক্ষ থেকে। এছাড়া তাকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতেও বলা হয়।
এনসিপির তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে শৃঙ্খলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে তানভীরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় নতুন এ দলটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে