Views Bangladesh Logo

চাঁদা দাবির মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা পিন্টু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পিন্টুসহ আরও কয়েকজন সেখানে গিয়ে সমিতির সদস্যদের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. বেলায়েত হোসেনের অভিযোগ, পিন্টুসহ অভিযুক্ত ব্যক্তিরা এর আগেও বিভিন্ন সময় তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন।

এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্ত ব্যক্তিরা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় নগদ ৫ লাখ টাকা দিতে হবে বলেও জানান তারা। সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কার্যালয়ে ভাঙচুর চালান অভিযুক্তরা।
এ সময় কার্যালয়ের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সেক্রেটারি জহির হোসেন এবং ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে এর আগে অন্তত আটটি মামলা রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজদের মধ্যে তাঁর নাম ৮ নম্বরে রয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ৮ মে আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ