কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রাত তিনটার দিকে সাহ্রি খেতে ওঠেন ওই গৃহবধূ। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাকে মারধরও করা হয়। আক্রান্ত গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীদের সামনেই মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, নির্জন এলাকায় ওই ঘরে ভোররাতে সাহ্রি খেতে উঠেছিলেন ওই গৃহবধূ। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি নুর আহমদ বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে গৃহবধূর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মামলা রয়েছে। বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড কি না, তার অনুসন্ধান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে