Views Bangladesh Logo

বরিশালে গরম পানি ঢেলে গৃহকর্মীকে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারী হলেন ফাইজা আক্তার। তিনি প্রবাসী জহির তালুকদারের স্ত্রী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী কিশোরী লামিয়া বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, প্রায় ছয় বছর ধরে লামিয়া ওই বাড়িতে কাজ করছিলেন। এই সময়ের মধ্যে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।

লামিয়ার দাবি, বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়।

শুক্রবার সকালে লামিয়া পালিয়ে একই এলাকার চাচা সিরাজুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ পাওয়ার পর উপ-পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে চরহোগলা এলাকার স্বর্ণা বেকারির পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ