Views Bangladesh Logo

টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার প্রবাসী, গাছে বেঁধে মারধর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসজীবনের উপার্জিত অর্থ ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসফেরত ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাকে নারকেলগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) সকালে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে তার বাবা মহর উদ্দিন, চাচা আসাদ আলীসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের বাসিন্দা মহর উদ্দিনের মেয়ের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। প্রায় ১৭ বছর বিদেশে কর্মরত ছিলেন সোরহাব। প্রবাসে থাকাকালে জমি কেনার উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে শ্বশুর মহর উদ্দিনের কাছে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা পাঠান। পরে আরও দেড় লাখ টাকা দাবি করা হলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সোরহাব হোসেন তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজের অর্থ এবং সেই অর্থে কেনা জমির হিসাব ও মালিকানা বুঝে নিতে চান। এ সময় শ্বশুর মহর উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

ভুক্তভোগীর অভিযোগ, পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে জোরপূর্বক আটক করে নারকেলগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে এবং মারধর করে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ঘটনার পর দায়ের করা মামলায় আসাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ