মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রাম থেকে স্ত্রী-সন্তানসহ এক সৌদিপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন প্রবাস ফেরত আকরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী প্রিয়াংকা (২৪) এবং তাঁদের দেড় বছর বয়সী কন্যাসন্তান আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন আকরাম। মা, ভাই ও ভাবির সঙ্গে একই বাড়িতে পৃথক ঘরে পরিবার নিয়ে থাকতেন তিনি। শনিবার দুপুর গড়িয়ে গেলেও আকরাম ও তাঁর স্ত্রী ঘর থেকে বের না হওয়ায় স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে আকরামের মা ঘরের দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তিনজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।
আকরামকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেলেও স্ত্রী প্রিয়াংকার মুখে একাধিক রক্তাত্ত আঘাতের চিহ্ন রয়েছে। আর শিশু আলিজার শরীরে দৃশ্যমান কোনো ক্ষত না থাকলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মুনির হোসেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
মতামত দিন