ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আবদুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচ তলার দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে আবদুর রশিদকে মৃত ঘোষণা করেন।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, এ কে এম আবদুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ চিকিৎসক। তারা লন্ডনে থাকেন। প্রতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান।
তিনি আরও বলেন, রাতে অস্ত্রসহ ডাকাত দল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতির সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে প্রবাসী চিকিৎসক আবদুর রশিদ মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, চিকিৎসকের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে