Views Bangladesh Logo

প্রবাসী কার্ডে মিলবে টিকিটে ছাড়, লাউঞ্জ ও প্রায়োরিটি সেবার সুবিধা: বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান ভ্রমণে একাধিক বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ বিভিন্ন সেবা প্রবাসী কার্ডের আওতায় যুক্ত করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আফরোজা খানম বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য বিমান ভ্রমণকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে প্রবাসীদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতেও প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া বিমানবন্দরে তাদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ