Views Bangladesh Logo

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে প্রদান করা হবে।

শনিবার (১৬ মে) সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। দেশে জমি কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব আবাসনে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সে পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগও করবে, পারিবারিক বন্ধনও আরও শক্ত হবে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এ ছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও করা হচ্ছে।

তিনি আরও জানান, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।

মন্ত্রী সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সেমিনারে সিলেট সিটি করপোরেশনের (সি‌সিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সি‌লেট মহানগর পুলিশ (এসএম‌পি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ