Views Bangladesh Logo

ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ। আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন এই নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর স্বাক্ষরিত ১৬ মার্চের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ অবস্থিত প্রবাসী কল সেন্টারেই এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর দেশে থেকে (টোল ফ্রি) ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০।

নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় গত ১০ মার্চ থেকেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ