রিকশাচালক হত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা কারাগারে
রিকশাচালককে গুমের পর হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, সকালে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর থেকে রিকশাচালক আল আমিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা এই মামলা ছাড়াও বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
মতামত দিন