যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ ৬ বাড়িতে আগুন
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা হয়। পরে রাত ১০টার দিকে বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে নেতাকর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তাঁরা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বিরোধ বাধে। একপর্যায়ে আবু বকর রানাকে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীরা একত্র হয়ে রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর নেত্রকোনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। তাঁর বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। আমজাদ হোসেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা।
এ ছাড়া একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তী সময়ে আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খানের বাড়ি এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। একই ইউনিয়নের আগিয়া গ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক চিকিৎসক অয়াহিদুর রহমান ছোটনের বাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবদল নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মতামত দিন