হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা, রাতে বাসায় অগ্নিসংযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মে দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ ছাড়া একই দিনে রাত ১০টার দিকে তার বাসভবনে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শেখ সুজাত মিয়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আয়োজনে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বাসায় ফেরার সময় গাড়িতে ওঠার মুহূর্তে কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে স্থানীয় নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এতে সুজাত মিয়া অক্ষত থাকেন।
এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে জামিল মিয়া নামে একজনকে আটক করা হয়। আটক যুবকের কাছ থেকে একটি রামদা ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
রাতের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাসভবনে আগুন লাগার ঘটনাটি তদন্তাধীন। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে