ফের দল পাল্টালেন শাহীনূর পাশা
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ফের দলবদল করেছেন। সর্বশেষ তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি দলটিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ।
শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০২৩ সালে জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়ন নিয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন করে হেরে যান।
শাহীনূর পাশা ২০০৫ সালে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে উপ-নির্বাচনে অংশ নিয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর একাধিকবার নির্বাচন করেও জয়ী হতে পারেননি।
তৃতীয়বারের মতো শাহীনূর পাশার দলবদল নিয়ে সিলেটে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে