ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন গ্রেপ্তার
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে যশোর সদরের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের মালিকাধানী শ্যামলছায়া পার্কে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পার্কের প্রধান ফটকে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাত ১১টা ২০ মিনিটে সেখানে গিয়ে সালাহউদ্দিন ও তার শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের হেফাজতে নেন। হেফাজতে নেয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিনকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক এমপি সালাহউদ্দিনকে যশোর থেকে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে