সাবেক এমপি পোটনের ৩ দিনের রিমান্ড
নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নাজমিন আখতার সোমবার (২৩ ডিসেম্বর) এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির একটি সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে