মারা গেছেন সাবেক এমপি আনোয়ারুল হক
মানিকগঞ্জ-১ আসনের (দৌলতপুর-ঘিওর-শিবালয়) সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক মারা গেছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকাকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এছাড়া নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে