Views Bangladesh Logo

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রামগতি উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা বাহিনী বা বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনেও তিনি নেতৃত্বের পরিচয় দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

মোশারফ হোসেনের মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ