ফুলপুরে সাবেক এমপি আবুল বাশার আকন্দের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের ওপর হামলা চালিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। শনিবার বিকেলে পৌরসভার বালিয়া মোড় এলাকায় দুই দফায় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে প্রায় এক ঘণ্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, বালিয়া রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি তুলার গুদাম পরিদর্শনে গেলে আবুল বাশার আকন্দকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন দলীয় কর্মীরা। তাদের অভিযোগ, তিনি নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে দলের পরাজয়ে ভূমিকা রেখেছেন। এ ক্ষোভ থেকেই হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
হামলার প্রতিবাদে তার সমর্থকরা ময়মনসিংহ–শেরপুর সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আবারও হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় চালক আরমানসহ অন্তত দুজন আহত হয়েছেন। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়।
নির্বাচনের পর থেকেই ফুলপুর বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল বাশার আকন্দসহ কয়েকজন নেতার বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে পোস্ট দিচ্ছিলেন পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার আকন্দ বলেন, তিনি অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গিয়ে অন্যায়ভাবে হামলার শিকার হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা মিঠুনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ফুলপুর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির একটি পক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে