হত্যা মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
বিএনপিকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মামলার নথি থেকে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা ২০২২ সালের ১০ ডিসেম্বর তাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জড়ো হতে শুরু করে। কর্মসূচি পালন উপলক্ষে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও গুলি চালায় এতে মকবুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। উবায়দুল মোকতাদির এ মামলার ৩৫ নম্বর এজাহারনামীয় আসামি।
আজ মোকতাদিরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।নশুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে