সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
চট্টগ্রামের মিরসরাই আসন থেকে সাতবার নির্বাচিত এই সংসদ সদস্য দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের একাধিক মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই রাজনীতিবিদ দলের নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০২৫ সালের আগস্টে কারাবন্দি অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কথা বিবেচনা করে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ মে (বৃহস্পতিবার) বাদ জোহর মিরসরাইয়ের ধুম ইউনিয়নের এস রহমান কলেজ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আশা করা হচ্ছে। গুণী এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে