হত্যা মামলায় হবিগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তার
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সেলিমকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় র্যাব-২ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সাবেক মেয়র সেলিমকে গ্রেপ্তার করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় বুধবার সেলিমকে গ্রেপ্তার দেখানোর পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় র্যাব।
ওসি আরও জানান, এসব ঘটনায় করা দুটি মামলায় সেলিমকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র বিক্ষোভের সময় গুলিতে মারা যান দুজন। পরে সেই ঘটনায় পৃথক হত্যা মামলা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে