Views Bangladesh Logo

বগুড়ায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামে সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্যও ছিলেন তিনি। জুলাই আন্দোলন–সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন সাইফুল।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাতে বাঘোপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে তিন যুবক তার গতিরোধ করেন। এ সময় তাদের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকেরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

আহত সাইফুলকে পরে স্থানীয় একটি জমিতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযানও চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ