Views Bangladesh Logo

ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৫

ঝিনাইদহের শৈলকুপায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য।

গ্রেপ্তার অন্যরা হলেন শৈলকুপার দুধসর গ্রামের বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি ৫ আগস্ট ২০২৬ তারিখে ০৫ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ