বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার সদর উপজেলায় ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান সাগর মণ্ডল (২৭) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন সাগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান সাগর মণ্ডল পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তবে স্ত্রীকে নিয়ে পাশের চালিতাবাড়ি গ্রামে বসবাস করতেন। সাগর স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল সাগরের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত সাগরের কয়েকজন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তদন্তের স্বার্থে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন