লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হওয়া সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৌধুরী রুবেল লক্ষ্মীপুর পৌরশহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ফারুক হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় রুবেল একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রুবেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন