Views Bangladesh Logo

বর্তমান মজুত গ্যাসে দেশের চাহিদা মিটবে আরও ১২ বছর: জ্বালানি মন্ত্রী

দেশে বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলেও এবং বর্তমান হারে দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে আরও প্রায় ১২ বছর চাহিদা পূরণ করা যাবে।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভারের মহাপরিকল্পনার আওতায় মোট ৫০টি এবং পরবর্তী পর্যায়ে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ শেষ হয়েছে। বাকি কূপগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে চলছে।

সাইসমিক জরিপের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩ হাজার ৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ শেষ হয়েছে এবং এখন ডাটা প্রক্রিয়াকরণের কাজ চলছে।

এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক ডাটা সংগ্রহের প্রস্তুতি চলছে।

মন্ত্রী আরও জানান, বাপেক্স ও এসজিএফএলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে ৩ডি সাইসমিক জরিপ চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ