হত্যা মামলা
সাবেক আইজিপি শহীদুল ৭, মামুন ৮ দিনের রিমান্ডে
পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে ৭ দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন।
সকাল ৬টা ৪৫ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শহীদুল হকের সাত এবং আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
অন্যদিকে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামে মামলা হওয়ায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি। আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে