Views Bangladesh Logo

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে, কাগজপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে থাকা মামলার নথি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কাগজপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সরকার আশাবাদী।

এ সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যদের কর্মব্যস্ততা ও দায়িত্ব পালনের পরিধি বেড়েছে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তাদের কাজের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ