সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ আর নেই
সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগতে থাকা অবসরপ্রাপ্ত এই কূটনীতিক রোববার (২ মার্চ ) মারা যান বলে জানিয়েছেন তার মেয়ে সাংবাদিক পারভীন আহমদ।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে মহিউদ্দিন আহমদকে তার মায়ের কবরে দাফন করা হয়।।
রোববার রাতে ধানমন্ডির মসজিদুত তাকওয়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোমবার সকালে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী হাসিনা আহমেদ, দুই কন্যা পারভীন আহমেদ ও নাসমীন আহমেদ, এক পুত্র আসিফ আহমেদ এবং দুই নাতনিকে রেখে গেছেন।
মহিউদ্দিন আহমেদ নরসিংদীর রায়পুরায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে স্নাতক সম্পন্ন করার পর তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬৩ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন এবং এক গৌরবময় কূটনৈতিক জীবন শুরু করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ছিল ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, উপপ্রধান প্রটোকল কর্মকর্তা, প্রশাসনিক মহাপরিচালক এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিবের পদ।
তিনি নেপাল ও সেনেগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন (একইসঙ্গে মালি, কোট দি ভোয়ার, গাম্বিয়া ও গিনি কনাক্রেতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন)। এছাড়া তিনি লন্ডনে উপরাষ্ট্রদূত এবং দিল্লি ও জাকার্তায় বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
একজন দেশপ্রেমিক হিসেবে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের হংকং মিশনে ট্রেড কমিশনার হিসেবে কর্মরত থাকাকালীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনেরও একজন সক্রিয় সদস্য ছিলেন।
কূটনৈতিক জীবনের বাইরেও তিনি আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং নেপালের নাবিল ব্যাংকের পরিচালক ছিলেন। এছাড়া র্যাংগস গ্রুপের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে মহিউদ্দিন আহমেদ লেখালেখি ও ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসের পাশাপাশি দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বেগম পত্রিকায়ও কাজ করেছেন।
একজন কূটনীতিক, দেশপ্রেমিক ও বিদ্বান ব্যক্তিত্ব হিসেবে মহিউদ্দিন আহমেদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে