Views Bangladesh Logo

সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। নোটিশটি তার বারিধারার ক্যান্টনমেন্টের বাসার দরজায় টাঙিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক চারটি মামলা করে দুদক। এসব মামলায় ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এক মামলায় তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। আরেক মামলায় তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অন্য দুই মামলায় তাদের দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা এবং ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। প্রতিটি মামলাতেই তারিক সিদ্দিককে আসামি করা হয়েছে।

এ ছাড়া আরও কয়েকটি দুর্নীতির মামলায় তারিক সিদ্দিককে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২৮ জানুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই বছরের ২৯ এপ্রিল তার স্ত্রী শাহিন সিদ্দিক ও দুই মেয়ে বুশরা সিদ্দিক এবং নুরিন তাসমিয়াসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে ১৪ মে তাদের ১৩টি ব্যাংক হিসাবের ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ