ফের তিন দিনের রিমান্ডে আ স ম ফিরোজ
রাজধানীর ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অগাষ্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে আজ তাকে ফের আদালতে হাজির করা হয়। মামলার রহস্য উদঘাটন করতে তাকে আরও ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাসুদুর রহমান। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে সোহাগ মিয়া পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়
পরবর্তীতে ওই মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে সাবেক হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে