পীর শামীম হত্যা: মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত কর্মী খাজা আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য তিন আসামি হলেন স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ (৪৫) এবং আবেদের ঘাট এলাকার একটি মাদরাসার শিক্ষক সাফি। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মব হামলায় দলের দুই নেতাকর্মীর নাম আসা প্রসঙ্গে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন বলেন, ‘মামলায় অনেকের নাম আসতে পারে। তবে আমাদের দলের কেউ এ ঘটনায় জড়িত নয়। অভিযোগ আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’
সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে নিহত শামীমের ভাই, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান দৌলতপুর থানায় মামলাটি করেন।
প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশ মানুষের সংঘবদ্ধ হামলায় নিহত হন পীর শামীম জাহাঙ্গীর।
এ ঘটনায় তার তিন অনুসারীও আহত হন। পীরের আস্তানায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি মূল্যবান সম্পদ লুটের অভিযোগও উঠেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে