পটুয়াখালী জেলা কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
পটুয়াখালী জেলা কারাগারে বন্দি দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পর বিকাল ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় কারাগারে আনা হয়। গত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছিল এবং নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হতো। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
কারা সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে