মাদকের মতোই ক্ষতিকর অতিরিক্ত মোবাইল আসক্তি: আইজিপি
অতিরিক্ত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটভিত্তিক গেমে আসক্তি মাদকের আসক্তির মতোই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, তাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটি শুধু একটি পুরস্কার নয়; এটি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যৎ ও সম্ভাবনার প্রতি আস্থার প্রতীক। মেধা মানুষকে এগিয়ে যেতে সহায়তা করে, তবে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। পড়াশোনার পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
আইজিপি শিক্ষার্থীদের মাদকের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদক একটি ভয়াবহ ও প্রাণঘাতী ফাঁদ। একইভাবে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও মাদকের আসক্তির মতো ক্ষতিকর। প্রযুক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রযুক্তি যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাফল্য ধরে রাখতে নিয়মিত কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগ বাড়াতে পর্দায় সময় কাটানো কমানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে মোট ২ হাজার ১১৩ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অন্যরা নিজ নিজ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি পাবে।
মতামত দিন