Views Bangladesh Logo

দুর্ঘটনাকবলিত জাহাজে জমে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড: শিল্প সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ‘ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে’ বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ সময় মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের বিষয়টিও জানান তিনি।

শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, “শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিগুলোকে বলা হয়েছে।”

তিনি আরও বলেন, ‘তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাজটির বিষাক্ত গ্যাস অপসারণ ও ভবিষ্যতের নিরাপত্তা প্রসঙ্গে শিল্প সচিব বলেন, ‘দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।’

তিনি আরও জানান, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

পরিদর্শনকালে শিল্প সচিবের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ