Views Bangladesh Logo

সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা স্বপন বিমানবন্দরে আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, গতকাল বিকেলে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার বিষয়টি চাটখিল থানাকে জানায়। তাকে আনতে চাটখিল থানা পুলিশ ঢাকায় যাবে।

চাটখিল থানা পুলিশ জানায়, গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফিরলে শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পুলিশ আরও জানায়, আটক স্বপনের নামে চাটখিল থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলাও রয়েছে।

এসআই শফিউল ইসলাম আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ