Views Bangladesh Logo

চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র একটি ড্রয়িংরুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করেন জরুরি বিভাগের চিকিৎসকরা। পরবর্তীতে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শারমিন আকতার সংবাদমাধ্যমকে বলেন, ‘হঠাৎ ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। সংসারে হালকা যেমন ঝগড়া হতো তেমনি হয়েছে। ওর কাছে গুলি আছে জানলে আগেই সরিয়ে ফেলতাম। ও তো আমাদের ফেলে রেখে চলে গেছে। আমাদের দুটি সন্তান রয়েছে এবং আমি নিজেও এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন, তা ভাবতেও পারছি না।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ