অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার হেনরিকসের পর্তুগাল অভিষেকেই ঝড়ো সেঞ্চুরি
একসময় অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। এবার সেই অস্ট্রেলিয়ার বিপরীত প্রান্তের এক নতুন ক্রিকেটযাত্রায় পর্তুগালের নেতৃত্ব দিচ্ছেন ময়জেস হেনরিকস।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখন নিজের জন্মভূমি পর্তুগালকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। আর সেই অভিযানের শুরুতেই ব্যাট হাতে দেখিয়েছেন বিধ্বংসী ফর্ম। ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে চেকিয়ার বিপক্ষে মাত্র ৫১ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হেনরিকস। পর্তুগালের জার্সিতে মাত্র তৃতীয় ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।
মাদেইরায় জন্ম নেওয়া হেনরিকস ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানেই গড়ে ওঠে তার ক্রিকেট ক্যারিয়ার। নিউ সাউথ ওয়েলস ও বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
পর্তুগালের হয়ে অবশ্য হেনরিকসের অভিষেক হয়েছে চলতি আসরেই। ইসরায়েলের বিপক্ষে প্রথম ম্যাচেই ৬৬ রানে অপরাজিত ছিলেন। এর মধ্য দিয়ে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করার কীর্তি গড়েন তিনি।
চেকিয়ার বিপক্ষে তার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে পর্তুগাল। জবাবে ৮.৫ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে চেকিয়া। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস পদ্ধতিতে ৯১ রানের বড় জয় পায় পর্তুগাল। এই জয়ে টুর্নামেন্টে টানা চারটি জয় পেল পর্তুগিজরা। তিন ম্যাচে ১৭৮ রান করে হেনরিকস এখন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
তবে পরের রাউন্ড নিশ্চিত করতে আজ স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে হবে পর্তুগালকে। অনেকটা অলিখিত ফাইনালের এই ম্যাচের বিজয়ী দল মূল ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে যোগ দেবে। লক্ষ্য একটাই, জন্মভূমি পর্তুগালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দেওয়া।
মতামত দিন