সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে সহায়তা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে থাকা সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এসব দখলকৃত স্থানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। তাই রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে।
এই উচ্ছেদ অভিযানের পেছনে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপট রয়েছে। মঙ্গলবার রাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছুরিকাঘাতে নিহত হন।
২৫ বছর বয়সি সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তারা সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে