Views Bangladesh Logo

পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ঝুলিয়ে রাখা উচিত: হামিন আহমেদ

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচারকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের টানাপোড়েনের ঘটনা সামনে আসার পর পাকিস্তানের সামরিক শাসন ও ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী হামিন আহমেদ। একই সঙ্গে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টিও নতুন করে সামনে এনেছেন তিনি।

শনিবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে হামিন আহমেদ লেখেন, ‘পাকিস্তানে কিছুই বদলায়নি। এখনো সেই একই গল্প—সামরিক শাসন, আর নিজেদের দেশের মানুষের ওপর হত্যা ও নিপীড়ন।’

ইমরান খানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘অত্যন্ত জনপ্রিয় ও নির্বাচিত ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর তাঁকে কারাগারে বন্দী করা হয়েছে, যার স্পষ্ট উদ্দেশ্য তাঁকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়া।’ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে তিনি লেখেন, ‘সেনাপ্রধান আসিম মুনির এবং তাঁর সাঙ্গপাঙ্গদের এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি শেষ পর্যন্ত তাঁদের ওপরই বুমেরাং হয়ে ফিরে আসবে—ঠিক যেভাবে বাংলাদেশেও হয়েছিল!’

সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে তাঁর মন্তব্য। হামিন লেখেন, ‘বাংলাদেশেরও পাকিস্তানকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তারা আমাদের বন্ধু নয়; নিজেদের স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নের জন্য বন্ধুত্বের ভান করে মাত্র।’ ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘তা ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াও এখনো বাকি। তাই তাদের সঙ্গে অন্যান্য সব বিষয়ও ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখা উচিত।’

হামিন আহমেদের এই মন্তব্যের সূত্রপাত হয়েছে লর্ডস টেস্টে ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচারকে ঘিরে। স্কাই স্পোর্টসে প্রচারিত ওই সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টস সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে এবং কারাগারে বাবার জীবন নিয়েও শঙ্কার কথা জানান তাঁরা। প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দী ইমরানের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগের কথাও সামনে এসেছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করে পিসিবি। এমনকি আপত্তি জানিয়ে টেস্টের প্রথম দিন লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল বোর্ডটি। লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে আপত্তি জানানোর পর সাক্ষাৎকারের প্রচার কিছুটা পিছিয়ে দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত ১৮ মিনিটের ওই সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান দল।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ