সান্ধ্য সারসংক্ষেপ
একনজরে রাত ১০টা পর্যন্ত প্রধান সংবাদ (৮ সেপ্টেম্বর)
সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্ত নেবেন ছাত্র-জনতাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে। এই সংস্কারের দায়িত্ব ছাত্র-জনতাই নেবেন।
রোববার (৮ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে আন্দোলনের সংগঠক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন তিনি। এসময় কাঁদতেও দেখা যায় তাকে।
রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয় শাপলায় বেলা ১১টা থেকে মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।
ওয়ার্ক পারমিট পেয়েও ইতালি যেতে পারছেন না এক লাখ বাংলাদেশি কর্মী
বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ইতালি সরকার এক লাখ ১০ হাজার ওয়ার্ক পারমিট দিলেও দূতাবাসের ভিসা প্রসেসিং সেন্টারের ধীরগতির কাজের জন্য তারা যেতে পারছেন না। এ জন্য অভিবাসন প্রত্যাশী এসব কর্মীদের ভাগ্য নির্ধারণে দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলনীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ) এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দুর্গাপূজায় আগতদের বাধা দিলে কঠোর ব্যবস্থা: ধর্ম বিষয়ক উপদেষ্টা
দুর্গাপূজা চলাকালে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় অশান্তিকারীদের সতর্ক করল সরকার। সেই সঙ্গে যারা হিন্দু উৎসবের সময় উপাসনালয়ে আগতদের বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শনে এসে এমনটাই ইঙ্গিত দেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।
জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাসির-আক্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে, তরুণদের দাবি ও জাতি পুনর্গঠনের লক্ষ্যে ছাত্র-জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। মুখপাত্র করা হয়েছে সামন্তা
শারমিনকে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে।
আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করেন কোটা আন্দোলনে নিহত মানারাত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ মো. আহনাফ আবির আশরাফুল্লাহের বোন সাইয়্যাদা আক্তার।
একযোগে নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি
একযোগে নিম্ন আদালতে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৩ জন।
রবিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে