Views Bangladesh Logo

নির্বাচনের সময়সীমা নিয়ে চাপ দেবে না ইইউ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউকে চাপ দেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে, সিদ্ধান্ত বাংলাদেশের। তবে নির্বাচনের আগে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধ্যে সংস্কারমুখী পদক্ষেপে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছে ইইউ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সহযোগিতা করতে ইইউ আগ্রহী। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।

আরেক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, গত জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের ঘটনায় যারা দায়ী, তাদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

রাষ্ট্রদূত মাইকেল মিলার মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশে সংস্কার আনার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, এই সুযোগ যেন সঠিকভাবে কাজে লাগানো যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

রাখাইনের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উভয় পক্ষের ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। ত্রাণ যেন সবার কাছে সমানভাবে পৌঁছায়, সেই নিশ্চয়তা দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন। আর স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ