অ্যাপল, গুগল ও মেটার বিরুদ্ধে তদন্ত পুনর্মূল্যায়ন করছে ইইউ: ফিনান্সিয়াল টাইমস
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মেটা ও গুগলের (অ্যালফাবেটের অধীন) বিরুদ্ধে চালানো তদন্তগুলো পুনর্মূল্যায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে, এই কোম্পানিগুলো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কঠোর আইন প্রয়োগের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য, এমনটাই মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্মূল্যায়নের ফলে ‘ব্রাসেলস’ এই তদন্তগুলোর পরিধি কমাতে বা পরিবর্তন করতে পারে। ২০২৪ সালের মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)-এর আওতায় শুরু হওয়া সমস্ত মামলার ওপর এটি প্রভাব ফেলবে।
ডিএমএ হলো একটি কঠোর নিয়মাবলী, যা প্রযুক্তি জায়ান্টদের বাজার আধিপত্য নিয়ন্ত্রণ, ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত এবং ভোক্তাদের সেবা পরিবর্তনের সহজতা বাড়াতে কঠোর বাধ্যবাধকতা আরোপ করে।
প্রতিবেদন অনুসারে, এই তদন্তগুলোর ওপর কোনো সিদ্ধান্ত বা সম্ভাব্য জরিমানা সাময়িকভাবে স্থগিত থাকবে, তবে প্রযুক্তিগত কাজ চলতে থাকবে।
ইউরোপীয় নিয়ন্ত্রকরা গুগল, অ্যাপল এবং মেটার মামলাগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য এখন রাজনৈতিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যাপল, মেটা, গুগল এবং ইউরোপীয় কমিশন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ডিএমএ ২০২২ সালে কার্যকর হয়, যার লক্ষ্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষমতা সীমিত করা এবং ছোট প্রতিদ্বন্দ্বীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে