বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও নজরদারিতে সহায়তা অব্যাহত রাখবে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আবারও জানিয়েছে, তারা বাংলাদেশে গণতান্ত্রিক তদারকি ও আর্থিক সুশাসন আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে আগামী সংসদ যেন জনগণের টাকার ব্যবহার আরও স্বচ্ছ ও দায়বদ্ধভাবে তদারকি করতে পারে—সেই লক্ষ্যেই কাজ করছে তারা।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে ইইউ’র বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, 'বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে ইউরোপীয় ইউনিয়ন পাশে আছে। আমরা একটি সাহসী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছি।'
তিনি বলেন, 'ইইউ বর্তমানে কর নীতিমালা ও রিটার্ন ব্যবস্থা ডিজিটালাইজ করার কাজ এবং মহাহিসাব নিরীক্ষক দপ্তরের স্বাধীনতা আরও জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করছে—যা দীর্ঘমেয়াদি আর্থিক সংস্কারের জন্য খুব দরকার।'
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আর্থিক খাতে সংস্কার অব্যাহত রাখা খুবই জরুরি এবং এই ক্ষেত্রে ইইউ যে দীর্ঘদিন ধরে পাশে আছে, তা অত্যন্ত প্রশংসনীয়।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক মো. নুরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মুজুমদার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান।
তারা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে