Views Bangladesh Logo

১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, ভিডিও প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট’-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এতে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকের সম্মতি ও নিয়ন্ত্রণের বিধান রাখার কথা বলা হয়েছে।

ফন ডার লেয়েন বলেন, শিশুরা দ্রুত উন্নত প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু এসব প্রযুক্তি অনেক ক্ষেত্রে শিশুদের কল্যাণ ও বিকাশকে কেন্দ্র করে তৈরি হয়নি। তাই বাস্তব জীবনের মতো ডিজিটাল পরিসরেও শিশুদের জন্য নিরাপত্তার সুস্পষ্ট সীমারেখা প্রয়োজন।

প্রস্তাবিত কাঠামোর আওতায় ১৮ বছরের কম বয়সীদের জন্য বিভিন্ন অনলাইন সেবায় বয়সভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, অনলাইন ভিডিও গেম, এআই-নির্ভর ভার্চুয়াল সঙ্গী ও চ্যাটবটের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।

শিশুদের মধ্যে অতিরিক্ত ব্যবহার বা আসক্তি তৈরি করতে পারে, এমন বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ব্যক্তির আচরণ বা পছন্দের ওপর ভিত্তি করে তৈরি রিকমেন্ডেশন ফিড, অসীম স্ক্রলিং, ব্যবহারকারীকে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য পুরস্কারভিত্তিক কৌশল এবং অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত যোগাযোগের মতো বিষয় রয়েছে। শিশুদের জন্য তৈরি এআই সঙ্গী ও চ্যাটবট ডিফল্টভাবে বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ অ্যালগরিদম ও নকশা ব্যবহারের পাশাপাশি অভিভাবকদের জন্য সহজ নিয়ন্ত্রণব্যবস্থা রাখতে হবে। ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে সুরক্ষা দিতে ব্লক ও মিউটের মতো সুবিধা নিশ্চিত করার কথাও রয়েছে প্রস্তাবে।

তবে এসব ব্যবস্থা এখনো কার্যকর হয়নি। প্রস্তাবটি নিয়ে আগামী কয়েক মাস ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে আলোচনা হবে। আলোচনার পর প্রয়োজনীয় অনুমোদন পেলে এটি আইনে পরিণত হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশও শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে বয়সভিত্তিক বিধিনিষেধের উদ্যোগ নিয়েছে। তবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতায় বয়স যাচাই ও নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ দেখা দেওয়ায় ইইউর প্রস্তাব বাস্তবায়নেও তা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ