অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জানা গেছে, ভোটগ্রহণ শুরুর প্রায় আধা ঘণ্টা আগেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়। তারা পুরো নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভোট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষকদের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো উল্টে-পাল্টে প্রদর্শন করেন এবং এরপর সেগুলো সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময়েই কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে ইভার্স ইজাবস বলেন,“এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা নিজের চোখে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া দেখেছি। আমাদের প্রত্যাশা—কেবল রাজধানী নয়, বরং সারা দেশেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দলটি দিনের বাকি সময়েও বিভিন্ন কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি এবং ভোটদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
সকাল থেকেই কেন্দ্রটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রিজাইডিং কর্মকর্তাদের মতে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন আরও দীর্ঘ হতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে