Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী ইইউ: মাইকেল মিলার

নির্বাচনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে কাজ করতে চায় ইইউ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে ইইউর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার সময় এসব কথা বলেন মাইকেল মিলার।

তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক এখন নতুন এক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি শুধু অনুদানভিত্তিক সহযোগিতার সম্পর্ক নয়। যৌথ অর্থায়ন, বেসরকারি খাতে বিনিয়োগ এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায় ইইউ।”

এ সময় কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বলেন, ঋণনির্ভরতা বা নিয়ন্ত্রণের ভিত্তিতে নয়, বরং আস্থা, ন্যায্যতা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় ইইউ।

মাইকেল মিলার জানান, বাংলাদেশে ইইউর প্রায় ১০০ কোটি ইউরো মূল্যের বিভিন্ন চুক্তি, প্রকল্প ও অনুদান চলমান রয়েছে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও ইইউ যাচাই করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তা, বন্দর নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ এবং উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, এই সংকটে বাংলাদেশের পাশে থাকার অবস্থান পুনর্ব্যক্ত করছে ইইউ। ২০১৭ সাল থেকে বাংলাদেশকে ৫০ কোটি ইউরোর বেশি সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখছে ইইউ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ