Views Bangladesh Logo

সরকার সংস্কার অব্যাহত রাখবে বলে আশা ইইউর

 VB  Desk

ভিবি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে মিলার বলেন, পূর্ববর্তী প্রশাসনের অধীনে শুরু হওয়া বিচার বিভাগীয় সংস্কার, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং অভিবাসন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রক কাঠামো প্রবর্তনের উদ্যোগ নতুন সরকার অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা করেন। তিনি জানান, ইইউ-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন, মানবিক সহায়তা ও অভিবাসনসহ বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে এবং সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, বৃহত্তম বিনিয়োগকারী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ইইউ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরা নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) প্রসঙ্গে মিলার বলেন, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই স্বাক্ষর সম্ভব হবে বলে তারা আশা করছেন।

মতপ্রকাশের স্বাধীনতা, মৌলিক অধিকার ও মানবাধিকার ইইউ-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ও বৈঠকে গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ