Views Bangladesh Logo

বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেন্টি-সেভেন অ্যান্ড চায়না (জি-৭৭) তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের চলমান সংস্কার পরিকল্পনা ও রূপান্তর প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে জোট দুটি।

জাতিসংঘ সদর দপ্তরে পৃথক বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতিসংঘে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত স্তাভরোস লামব্রিনিদিস এবং জি-৭৭ অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের সঙ্গে পৃথক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা তিন বছর বাড়ানোর অনুরোধ করা হয়। এক্ষেত্রে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতিরিক্ত এই সময়সীমা সংস্কার কার্যক্রমকে সুসংহত করতে, অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে এবং বাংলাদেশের এলডিসি উত্তরণকে মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় করতে সহায়ক হবে।

সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত স্তাভরোস লামব্রিনিদিস সুশাসন ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে চলমান আলোচনাকে স্বাগত জানান তিনি এবং বাংলাদেশের এলডিসি উত্তরণে ইইউর অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

পুরো প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন ইইউ রাষ্ট্রদূত।

প্রস্তুতিমূলক সময়সীমা বৃদ্ধির পক্ষে উপস্থাপিত যুক্তিকে শক্তিশালী ও গ্রহণযোগ্য বলে বর্ণনা করেন রাষ্ট্রদূত লরা দুপুই লাসের। বাস্তবসম্মত সংস্কার পরিকল্পনার প্রশংসা করে তিনি জি-৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল নিয়ে জি-৭৭ সদস্য দেশগুলোর জন্য একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশি প্রতিনিধিদল এই প্রস্তাবকে স্বাগত জানায়।

বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি বলেন, এলডিসি মর্যাদা থেকে মসৃণ ও টেকসই উত্তরণে জোটটি বাংলাদেশকে আবারও অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ